হাটহাজারীতে স্নান করতে গিয়ে পুকুরে ডুবে সজিব ধর (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার উপজেলার ১২ নং চিকনদন্ডী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বণিক পাড়ায় এ ঘটনা ঘটে। সজিব ওই এলাকার সমির ধরের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, সজিব দুপুরের দিকে বাড়ির পাশের পুকুরে স্নান করতে যান। দীর্ঘ সময় পরও বাসায় না ফেরায় পরিবারের লোকজনসহ স্থানীয়রা তাকে খুঁজতে থাকেন। এ সময় পুকুর পাড়ে সজিব ধরের স্যান্ডেল পড়ে থাকতে দেখে পুকুরে তল্লাশি চালানো হয়। পরে ডুবন্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সজিবকে মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যরা জানান, সজিব ধর দীর্ঘদিন ধরে মৃগীরোগে ভুগছিলেন। ইউপি সদস্য রবিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।












