খাগড়াছড়ির পানছড়িতে অবৈধভাবে পাহাড় কেটে খাল ভরাট ও সরকারি রাস্তা ক্ষতিগ্রস্ত করার অভিযোগে মো. কাজল মিয়া নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পাহাড় কাটার কাজে ব্যবহৃত একটি এঙকেভেটরও জব্দ করা হয়। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের জিয়ানগর এলাকার আলীনগর রাস্তার মুখে এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন।
জানা যায়, গত শুক্রবার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ওই এলাকায় এঙকেভেটর দিয়ে পাহাড় কাটার কাজ চলে। পাহাড়ের মাটি দিয়ে পাশের একটি খাল ভরাট করা হয়। খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫–এর ৬খ ও ১৫(১) ধারায় মো. কাজল মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পাহাড় কাটার কাজে ব্যবহৃত এঙকেভেটরটি জব্দ করা হয়।
পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তি নিজের দোষ স্বীকার করেছেন। তাকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।










