জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে বাসভাড়া সমন্বয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ বৃহস্পতিবার হতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সচিবালয়ে গতকাল বুধবার যানবাহনের ভাড়া বৃদ্ধি নিয়ে সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন পরিবহনমন্ত্রী। এদিন বিআরটিএর কর্মকর্তা, পরিবহন মালিক–শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে মন্ত্রণালয় ও অংশীজনদের বৈঠক হয়।
বৈঠক শেষে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নে পরিবহনমন্ত্রী রবিউল বলেন, আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি। এখনো সিদ্ধান্ত হয়নি। আশা করা যায় কালকে (বৃহস্পতিবার) সিদ্ধান্ত (ভাড়া বৃদ্ধির বিষয়) হবে। খবর বিডিনিউজের।
এর আগে গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বনানীতে বিআরটিএ কার্যালয়ে বাসের ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে বৈঠক শুরু হয়; সেদিন প্রায় তিন ঘণ্টা বৈঠকের পর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ও বাস মালিক–শ্রমিক প্রতিনিধিরা এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার মন্ত্রণালয়ের ওপর ছেড়ে দেয়। ওই বৈঠকে বিআরটিএর কর্মকর্তা, পরিবহন মালিক–শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকের পর বিআরটিএ চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর বলেছিলেন, আমরা কোনো সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারিনি। সকালে সুপারিশ তৈরি করে মন্ত্রণালয় পাঠানো হবে। বাকিটা মন্ত্রণালয় কাটছাঁট করে চূড়ান্ত করবে। তারপর কালই প্রজ্ঞাপন জারি হতে পারে।













