পতেঙ্গায় অর্ধগলিত অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৩ জুলাই, ২০২৬ at ৫:৩৩ পূর্বাহ্ণ

পতেঙ্গা সমুদ্র সৈকতের টানেলসংলগ্ন এলাকা থেকে এক অজ্ঞাত নারীর অর্ধ গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সকাল ১১টায় স্থানীয়রা টানেলে প্রবেশের আগে পতেঙ্গা বেড়িবাঁধের ঝোপের মাঝে নারীর মরদেহটি পড়ে থাকতে দেখে পতেঙ্গা থানাকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

পতেঙ্গা মডেল থানার সাবইন্সপেক্টর ইমরান জানান, খবর পেয়ে আমরা মহিলার লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছি। স্থানীয়রা আমাকে জানিয়েছেন ওই মহিলা ভিক্ষুক। ১০১৫ দিন আগে ওই মহিলাকে তারা বৃষ্টিতে ভিজতে দেখেছেন। তখন তার গায়ে কিছু ছিলনা। পরনে একটি প্যান্ট ছিল। তারা তাকে খাবারও দিয়েছিল বলে জানান।

ওই মহিলার বয়স ৫০ এর কাছাকাছি। স্থানীয় ব্যবসায়ী মো. আলমগীর আজাদীকে জানান, টানেলসংলগ্ন সৈকত এলাকায় এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখতে পেয়ে পতেঙ্গা থানায় ফোন দিলে পুুলিশ এবং স্থানীয়রা মিলে ঝোঁপের মাঝখান থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি ওই এলাকায় ঘোরাফেরা করা এক মানসিক ভারসাম্যহীন নারীর হতে পারে। তবে বিষয়টি এখনও নিশ্চিত নয় এবং পরিচয় শনাক্তের কাজ চলমান রয়েছে জানায় পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধফুটন্ত ফুলের মুক্ত প্রাণের উৎসব কাল