শহীদ জিয়া স্মৃতি সংসদ পটিয়া উপজেলার উদ্যোগে আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ভাটিখাইন ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদ। গতকাল শুক্রবার বিকেলে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলায় ভাটিখাইন ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদ ফুটবল একাদশ টাইব্রেকারে হাইদগাঁও ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদ ফুটবল একাদশকে পরাজিত করে। খেলা শুরুর পাঁচ মিনিটের মাথায় সাজ্জাদের গোলে ১–০ গোলে লিড নেয় হাইদগাঁও। কিন্তু প্রথমার্ধেই গোল করে ১–১ গোলে সমতা ফেরান ভাটিখাইনের শাহাদাত। প্রথমার্ধে দলের পক্ষে দ্বিতীয় গোল করে দলকে ২–১ গোলে এগিয়ে নেন হাইদগাঁওয়ের আকিব। তবে দ্বিতীয়ার্ধে ভাটিখাইনের রাজুর সমতাসূচক গোলে ২–২ গোলে খেলা ড্র হয়ে যায়। পরে টাইব্রেকারে ৫–৪ গোলের ব্যবধানে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হয় ভাটিখাইন ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদ ফুটবল একাদশ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ভাটিখাইনের সুফিয়ান, ম্যাচ সেরার পুরস্কার লাভ করেন হাউদগাঁওয়ের সাজ্জাদ এবং ম্যাচ অব দা ফাইনাল পুরস্কার লাভ করেন ভাটিখাইনের খেলোয়াড় আকাশ শীল। তাদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। শহীদ জিয়া স্মৃতি সংসদের পটিয়া উপজেলা শাখার সভাপতি হাজি কামাল উদ্দীনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এনামুল হক এনাম। ফাইনাল খেলার উদ্বোধক ছিলেন দক্ষিণ জেলা জিয়া স্মৃতি আহবায়ক মঈনুল আলম ছোটন, বক্তব্য রাখেন স্মৃতি সংসদের উপজেলার সাধারণ সম্পাদক আবু সালেম সাইফুদ্দীন, বিশেষ অতিথি ছিলেন নুরুল ইসলাম সওদাগর, দক্ষিণ জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম, গাজী মো. আবু তাহের, পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক, মফজল আহমদ, আবদুল মাবুদ, আবুল কাসেম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী, নাসির উদ্দীন, ইয়াছিন আরাফাত,অহিদুল আলম পিবলু, হাবিবুর রহমান রিপন, ওবায়দুল হক রিকু প্রমূখ।












