স্ক্র্যাপবাহী একটি গাড়ির ধাক্কায় নগরের হালিশহর থানার নিমতলীতে মো. ইউসুফ নামে ১২ বছরের এক শিশু মারা গেছে। গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুফের বাড়ি পটিয়ায়, পরিবারের সঙ্গে নগরের আকবর শাহ কালু শাহ মাজার এলাকায় থাকত সে। তার বাবা মোহাম্মদ আলী পেশায় দারোয়ান। স্থানীয় সূত্রে জানা গেছে, ইউসুফ স্ক্র্যাপ জাতীয় জিনিস সংগ্রহ করে বিক্রি করত। গতকালও সে স্ক্র্যাপ সংগ্রহ করার সময় গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নেয়ার পথেই মারা যায় সে।
সড়ক দুর্ঘটনায় ইউসুফের মৃত্যুর বিষয়টি হালিশহর থানার ডিউটি অফিসার এসআই মোশাররফ হোসেন আদিব নিশ্চিত করেছেন।












