উইমেন’স টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর ৩০ দিন আগে প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে আইসিসি। আগামী ৬ থেকে ১০ জুনের মধ্যে হবে ১২টি ম্যাচ। গত আসরের ফাইনালিস্ট নিউজিল্যান্ড ও বাছাই পেরিয়ে আসা আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ৬ জুন নিউজিল্যান্ড ও এর তিন দিন পর আয়ারল্যান্ডের মুখোমুখি হবে নিগার সুলতানার দল। বিশ্বকাপে এবার ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী অস্ট্রেলিয়া, ভারত, নেদারল্যান্ডস, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। আসর শুরু হবে ১২ জুন। বাংলাদেশের প্রথম ম্যাচ ১৪ জুন বার্মিংহামে নেদারল্যান্ডসের বিপক্ষে। এরপর ১৭ জুন লিডসে খেলা অস্ট্রেলিয়ার সঙ্গে, ২০ জুন ওল্ড ট্র্যাফোর্ডে পাকিস্তানের বিপক্ষে, একই মাঠে পরের ম্যাচ ভারতের বিপক্ষে এবং ২৮ জুন লর্ডসে লড়াই দক্ষিণ আফ্রিকার সঙ্গে। বিশ্বকাপের আগে স্কটল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজও খেলবে বাংলাদেশ। দেশ ছাড়বেন তারা আগামী ২৫ মে।













