উত্তর–পশ্চিম নাইজেরিয়ার তিনটি গ্রামে মোটরসাইকেলে আসা বন্দুকধারীরা কয়েক ডজন মানুষকে হত্যা করেছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নাইজার অঙ্গরাজ্যে সশস্ত্র ব্যক্তিরা গুলি করে বা গলা কেটে হত্যা করেছে, আগুন দিয়েছে বাড়িঘরে এবং অজানা সংখ্যক মানুষকে অপহরণ করেছে। শনিবার ভোরের হামলাগুলো যেখানে ঘটেছে, তার কাছাকাছি স্থানে এ মাসেরই শুরুতে একই ধরনের হামলায় শতাধিক ব্যক্তি নিহত হন। খবর বিডিনিউজের।
নিহতরা সন্দেহভাজন জিহাদি ছিলেন। বিবিসি লিখেছে, দস্যু নামে পরিচিত সশস্ত্র অপরাধী চক্রগুলো বহু বছর ধরে নাইজেরিয়ায় হামলা ও অপহরণ চালিয়ে আসছে। তবে সমপ্রতি দেশটির পশ্চিম ও মধ্যাঞ্চলে এ ধরনের ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ভোরের দিকে দস্যুরা তুঙ্গা–মাকেরি গ্রামে হানা দেয়। নাইজার অঙ্গরাজ্য পুলিশের মুখপাত্র ওয়াসিউ আবিওদুন বলেন, তুঙ্গা–মাকেরিতে ছয়জন নিহত হয়েছে। তিনি বলেন, কিছু বাড়িঘরেও আগুন দেওয়া হয়েছে এবং কতজন অপহরণের শিকার হয়েছেন, সেই সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হামলার শিকার আরেক গ্রাম কনকোসোতেই বেশিরভাগ হত্যার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় সব বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে এবং চারজন নারীকে অপহরণ করা হয়েছে।













