নববর্ষে হাসান জাহাঙ্গীরের নতুন গান ‘বৈশাখে’

| বৃহস্পতিবার , ১৬ এপ্রিল, ২০২৬ at ১০:৩১ পূর্বাহ্ণ

নববর্ষ উপলক্ষে সঙ্গীতশিল্পী হাসান জাহাঙ্গীর প্রকাশ করেছেন তার নতুন মৌলিক গানের মিউজিক ভিডিও ‘বৈশাখে’। গানটি প্রিয়জনের কাছে নববর্ষের নতুন আবাহন ও নতুন বার্তার মাধ্যমে সুখের প্রত্যাশা জাগায়। গানটি শোনার সঙ্গে সঙ্গে নব উদ্দীপনায় ভরে ওঠে শ্রোতার মনপ্রাণ।

পহেলা বৈশাখ বাঙালির সর্বজনীন উৎসব। এই উৎসবের আবহ ও আনন্দকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘বৈশাখে’। গানটির কথা ও সুর করেছেন হাসান জাহাঙ্গীর নিজে। আর তার গায়কীতেও ফুটে উঠেছে বৈশাখের উচ্ছ্বাস। সংগীত পরিচালনা করেছেন ওয়াহিদ শাহীন।

চমৎকার লোকেশনে বৈশাখী আমেজে মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন আলামিন হোসাইন। ভিডিওতে অভিনয় করেছেন হাসান জাহাঙ্গীর এবং অভিনেত্রী মোনালিসা রহমান।

গানটি সম্পর্কে হাসান জাহাঙ্গীর বলেন, পরিপূর্ণ নববর্ষের গান বলতে যা বোঝায়, সেটিই ‘বৈশাখে’। গানটি শুনলেই মনপ্রাণ তালে তালে দোলা দেবে। অনেক যত্ন নিয়ে গানটি গাওয়ার পাশাপাশি ভিডিওতেও সেই আবহ ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।

ইতোমধ্যে গানটি শিল্পীর নিজস্ব ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ‘ঐধংধহ ঔধযধহমরৎ চৎড়ফঁপঃরড়হং’সহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে। মুক্তির পর থেকেই দর্শকশ্রোতাদের মধ্যে গানটি সাড়া ফেলেছে। দর্শকশ্রোতাদের গানটি উপভোগ করার আহ্বান জানিয়েছেন হাসান জাহাঙ্গীর। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআলভীদের বিরুদ্ধে ১৭ মের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২৩.৯৬ কোটি টাকা