নতুন ব্রিজে হামলায় যুবক আহত তিনজন গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৬ অক্টোবর, ২০২১ at ১০:৪৬ পূর্বাহ্ণ

নতুন ব্রিজে পরিবহন শ্রমিকদের আধিপত্য বিরাজকে কেন্দ্র করে হামলায় আবু হানিফ (২০) নামের এক যুবক আহত হয়েছে। ওই ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাত ৯টার দিকে বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
গতকাল সোমবার সকালে বাকলিয়া থানায় মামলা করে আহত আবু হানিফের মা ছকিনা বেগম। এরপর আটককৃতদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয় বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই নিদর্শন বড়ুয়া।
গ্রেপ্তারকৃতরা হলো- ভোলার মনপুরা থানাধীন দক্ষিণ সাকুচিয়া গ্রামের মনির মাঝির ছেলে মো. রাকিব (২২), দৌলতখান থানাধীন দক্ষিণ শরীয়তপুর গ্রামের মৃত শফি উল্লাহর ছেলে মোমিন প্রকাশ মইন্যা (২২) ও রাউজানের পশ্চিম বিনাজুরী গ্রামের মো. নুরের ছেলে মো. মনির (২৪)। মামলার অন্য আসামীরা হলো মো. রুবেল (৩৪), মো. সাইফুজ্জামান আবির (১৯), সুমন (২২), মো. আল আমিন (২১), মো. সম্রাট (২৮) ও মো. বেলাল (২৪)।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই নিদর্শন বড়ুয়া জানান, নতুন ব্রিজে ম্যাক্সিমা গাড়ি চালানোর আধিপত্যকে কেন্দ্র করে দুই পক্ষে রেষারেষি চলে আসছিল। রোববার রাতে এক পক্ষ হামলা চালিয়ে একজনকে রক্তাক্ত করে।
এরপর অভিযান চালিয়ে হামলায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আহত আবু হানিফের মা ছকিনা বেগম বাদী হয়ে মামলা করেছে। ওই মামলায় গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধরেজিস্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির শোক সভা
পরবর্তী নিবন্ধডা. বিশাখা ঘোষের স্মৃতির প্রতি সহকর্মীদের শ্রদ্ধা