চট্টগ্রাম রেঞ্জের রিজার্ভ রেঞ্জ ফোর্সে (আরআরএফ) কর্মরত পুলিশ সুপার (এসপি) মো. জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত ও সরকারি দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে। ফরেনসিক পরীক্ষার জন্য ফোন দুটি ঢাকায় পাঠানো হয়েছে।
তার বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যোগাযোগের অভিযোগ রয়েছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।
জানা যায়, গতকাল মঙ্গলবার চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুস চৌধুরী এসপি জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করেন। প্রাথমিকভাবে তথ্য ফাঁসের আলামত পাওয়ার পর তার ফোন দুটি জব্দ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে আজ বুধবার রাত ১০টায় চট্টগ্রামে পুলিশের উপ মহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল কুদ্দুস চৌধুরী আজাদীকে বলেন, ‘প্রশাসনিক কিছু বিষয়ে এসপি জাহাংগীর আলমকে ডাকা হয়েছিল। এ ঘটনায় অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।’
অতিরিক্ত ডিআইজি সাফিজুল ইসলাম জানান, মোবাইল ফোন দুটি ঢাকায় স্পেশাল ব্রাঞ্চে (এসবি) ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কোনো ধরনের বার্তা আদান-প্রদানের প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে প্রতিবেদন দেওয়া হবে।
জাহাঙ্গীর আলম ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন। ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি আরআরএফ কার্যালয়ে দায়িত্ব পালন করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।












