চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, দেশপ্রেমিক, স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের কাছে ঐতিহাসিক ৭ নভেম্বর তাৎপর্যপূর্ণ ও গৌরবের দিন। ভবিষ্যতে কেউ যেন স্বাধীনতা–সার্বভৌমত্ব ও জনগণের অধিকার হরণ করে দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, সেটিই হোক ৭ নভেম্বরের প্রধান অঙ্গীকার। জাতীয় ঐক্য সুদৃঢ় করতে ৭ নভেম্বরের চেতনা ধারণ করতে হবে।
তিনি গতকাল মঙ্গলবার সিআরবিতে জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি রেলওয়ের বিভিন্ন স্থাপনা ও ট্রেনে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা ঠেকাতে শ্রমিক–কর্মচারীদের সতর্ক থাকার আহ্বান জানান। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। তিনি বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি সুদৃঢ় করেছিল। প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান। তিনি বলেন,৭ নভেম্বর সিপাহি–জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্য দিয়ে বন্দিদশা থেকে মুক্ত হয়ে রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
রেলওয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম আর মনজুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আবু বক্কর ছিদ্দিকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মো. কামাল উদ্দিন, শামসুল আলম, মনোয়ারা বেগম, মারুফ হোসেন, জিয়াউর রহমান, মফিজুর রহমান, এম কে মুজিব, ইখতেখার মেহেদী, ইউসুফ, আমীর হোসেন, মাসুদুর রহমান বাবু, মনসুর আলম, শরিফুল ইসলাম স্বপন, এনামুল হক, এহসান আলী,আব্দুল মাজেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












