চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার নিউমার্কেট এলাকায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা গতকাল সকালে ঝটিকা মিছিল করেছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। গতকাল শনিবার সকালে সরকারি সিটি কলেজ ছাত্রলীগের ব্যানারে এ মিছিল বের করে সংগঠনটি।
পুলিশ জানায়, সকালে হঠাৎ করে কয়েকজন যুবক নগরের নিউমার্কেট এলাকায় সড়কে জড়ো হয়ে মিছিল বের করেন। এ সময় তারা রাজবন্দীদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। কয়েক মিনিটের মধ্যেই মিছিলটি শেষ করে অংশগ্রহণকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে। ঘটনার কয়েকটি ছবি ও ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং জড়িতদের শনাক্ত ও আটকের জন্য অভিযান শুরু করে। কোতোয়ালী থানা পুলিশ জানায়, নিউমার্কেট এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলকে কেন্দ্র করে চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় নতুন করে মামলা করা হবে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।












