পটিয়ায় কয়েক দিনের টানা ও ভারি বৃষ্টির কারণে এক অসহায় বৃদ্ধার মাটির ঘর সম্পূর্ণ ধসে পড়েছে। গত বুধবার রাতে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আব্দুস সামাদ মাতব্বরের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। ঘরটি ধসে পড়ায় ভেতরে থাকা আসবাবপত্র ও খাদ্যসামগ্রী সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তবে অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন ঘরের বাসিন্দা বৃদ্ধা মাজেদা বেগম। জানা গেছে, গত কয়েক দিন ধরে পটিয়াজুড়ে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতি বিরাজ করছে। টানা বৃষ্টিতে মাটির দেয়াল অতিরিক্ত পানি শোষণ করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। বুধবার রাতে হঠাৎ করেই বৃদ্ধা মাজেদা বেগমের পুরো ঘরটি ধসে পড়ে। এসময় তিনি দ্রুত বাইরে বের হয়ে আসায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান। তবে ঘরের ভেতরে থাকা সব মালামাল মাটির নিচে চাপা পড়ে নষ্ট হয়ে যায়। মাথাগুঁজার একমাত্র ঠাঁইটি হারিয়ে বর্তমানে ওই অসহায় বৃদ্ধা চরম বিপাকে পড়েছেন। এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দিন বলেন, মাটির ঘর ধসে পড়ার বিষয়টি আমরা জেনেছি। ক্ষতিগ্রস্ত মহিলা বর্তমানে খুবই অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের জন্য টিন দেওয়ার প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে আমরা ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করছি। জানা গেছে, একই এলাকায় শামসুল আলম ও শাহজাহান নামে আরও দুই ব্যক্তির মাটির ঘর আংশিক ধসে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।











