দোহাজারী স্টেশনে মহানগর এক্সপ্রেসের যাত্রাবিরতি দাবি

ঢাকা-কক্সবাজার রুট

| মঙ্গলবার , ২৭ অক্টোবর, ২০২৬ at ৬:৪০ পূর্বাহ্ণ

ঢাকা–কক্সবাজার রুটে আন্তনগর মহানগর এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরু উপলক্ষে দক্ষিণ চট্টগ্রামের গুরুত্বপূর্ণ রেলস্টেশন দোহাজারীতে ট্রেনটির যাত্রাবিরতির দাবি উঠেছে। দোহাজারী ও পার্শ্ববর্তী এলাকার মানুষের যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে ট্রেনটির উভয়মুখী যাত্রায় দোহাজারী রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজার পর্যন্ত নতুন এই রেলসেবা চালুর মধ্য দিয়ে যাত্রীদের জন্য যাতায়াতের আরও একটি সুযোগ সৃষ্টি হচ্ছে। পর্যটন, ব্যবসা–বাণিজ্য ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে ট্রেনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

দোহাজারী ও আশপাশের এলাকার বিপুলসংখ্যক মানুষ শিক্ষা, চিকিৎসা, চাকরি, ব্যবসা–বাণিজ্যসহ বিভিন্ন প্রয়োজনে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে যাতায়াত করেন। কিন্তু দোহাজারী স্টেশনে প্রয়োজনীয় আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি না থাকায় অনেক যাত্রীকে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করে অন্য স্টেশনে গিয়ে ট্রেনে উঠতে হয়। এলাকাবাসীর পক্ষে স্থানীয় উন্নয়নকর্মী আমির হোসেন প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বলেন, দোহাজারী স্টেশনে মহানগর এক্সপ্রেসের যাত্রাবিরতি চালু হলে দোহাজারী পৌরসভা, চন্দনাইশ উপজেলা এবং পার্শ্ববর্তী এলাকার মানুষের যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি দক্ষিণ চট্টগ্রামের ব্যবসা–বাণিজ্য, পর্যটন ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। এছাড়া চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে যাত্রীচাপ কমানো এবং সড়কপথের ওপর নির্ভরতা হ্রাসেও রেলসেবাটি ভূমিকা রাখতে পারে। স্থানীয়দের দাবি, জনস্বার্থ, যাত্রীচাহিদা ও দোহাজারী রেলওয়ে স্টেশনের গুরুত্ব বিবেচনায় নিয়ে বাংলাদেশ রেলওয়ে যেন দ্রুত মহানগর এক্সপ্রেসের উভয়মুখী যাত্রায় দোহাজারী স্টেশনে যাত্রাবিরতির ব্যবস্থা করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগাইড আন্দোলনের প্রসারে ইতিবাচক ভূমিকা রাখার জোর আহ্বান
পরবর্তী নিবন্ধনাজিরহাট আবু সোবহান সড়ক উন্নয়ন কাজে পুনরায় অনিয়মের অভিযোগ