দেরি

ফারিহা জেসমিন ইসলাম | বৃহস্পতিবার , ১৩ আগস্ট, ২০২৬ at ৫:৫৬ পূর্বাহ্ণ

আজকাল আমার সবকিছুতে দেরি হচ্ছে।

ঘুম থেকে জাগতে দেরি হচ্ছে,

নাশতা করতে দেরি হচ্ছে।

দিন শুরু করতে দেরি হচ্ছে। দেরি হচ্ছে প্রতিটি কাজে।

অথচ যে বিষয়গুলো দেরিতে হলেই ভালো হতো

সেসব আগে হয়ে গেল। সংসার ভেঙে গেল

সংসার পাতার আগেই। কেউ কেউ

বিশ্বাস ভেঙে দিল বিশ্বস্ত হয়ে ওঠার আগেই।

বন্ধুদের সাথে দূরত্ব হয়ে গেল দীর্ঘ পথের,

সেটাও কতো আগেই।

যেসব পরে হলেও পারতো সেসব ঘটে গেল ঊষালগ্নে।

কতো কবিসাহিত্যিক আমার পড়ার টেবিলটায় ছিল

অথচ জীবনানন্দ খুঁজে পেতে আমার দেরি হয়ে গেল।

আজকাল যখন মানুষ চিনতে পারছি খুব সহজে তখন

বুকের ভেতর একটা শীতল আর্তনাদ ভেসে বেড়ায়

আমার নিজেকে চিনতেই বড্ড দেরি হয়ে গেল।

পূর্ববর্তী নিবন্ধদেয়ালের লেখাগুলো, দেয়ালের ছবিগুলো
পরবর্তী নিবন্ধমুখোশের অন্দরমহল