মুখোশের অন্দরমহল

রূপক কুমার রক্ষিত | বৃহস্পতিবার , ১৩ আগস্ট, ২০২৬ at ৫:৫৭ পূর্বাহ্ণ

গতকাল পর্যন্ত যাদের গায়ে

নষ্ট চেতনার তীব্র গন্ধ ছিল,

কালের ক্লান্ত আচ্ছাদনে, আজ সেই গন্ধ

আর টের পাওয়া যায় না !

অবলীলায় ইতিহাসের অপরাধের পাতায়

স্নিগ্ধ সুগন্ধী মেখে, হঠাৎ করেই

যেন ঢাকা পড়ে যায়

নৃশংস অশ্লীলতার ঘৃণিত যত অবয়ব।

কী এক আশ্চর্য রূপান্তর!

তাদের হরহামেশা বদলে যেতে দেখি,

লোভ আর লাভের মাঝে

ফন্দির নীল কাঠামো ঘিরে

অতি অকস্মাৎ বদলে যায় রূপ।

তারা নেহায়েত সঙ্গ চায়,

সংকটে সঙ্গীর সহাবস্থান চায়,

সঙ্গের প্রতিবাদ চায়, আবার,

স্বার্থের ছায়ায় সুযোগের হাত ধরে

সঙ্গীর সঙ্গ ছিন্ন করে,

বেমালুম একা ছুটে চলে,

যেখানে পাওয়া যায়

লালসার স্বার্থপরী অনুভব।

অগত্যা পোষা পাপের

নির্মমতার নিবিড় যতনে

হীনতার চরে জেগে ওঠা

আত্মকেন্দ্রিকতার হেঁয়ালী গ্রাসে

হেরে যায় মানবিকতা আর মনুষ্যত্বের ভীত,

অবশেষে, সরল মুখোশের অন্দরমহলে

নিষ্ঠুরতার চৌহদ্দী ছিঁড়ে

স্পষ্ট ভেসে উঠে

নির্লজ্জ আধিপত্যের বিভৎস মতলব।

পূর্ববর্তী নিবন্ধদেরি
পরবর্তী নিবন্ধযদি বৃষ্টি নামে