হাটহাজারীতে মাদকাসক্ত হয়ে জনসাধারণের শান্তি নষ্ট করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে মো. জাহাঙ্গীর (৪৬) ও আবুল হোসেন (৫০) নামে ২ মাদকাসক্ত ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে। গত মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নং গেট এলাকার আলাওল পেট্রোল পাম্পের পাশে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। অভিযান সূত্রে জানা যায়, ঘটনার দিন উল্লেখিত এলাকায় প্রকাশ্যে মদ্যপান ও মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় উল্লেখিত ২ ব্যক্তি জনসাধারণের শান্তি বিনষ্ট করছে–এমন তথ্যের ভিক্তিতে দ্রুত ঘটনাস্থলে গিয়ে খবরের সত্যতা পাওয়া যায়। পরে তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় দুটি মামলায় দুই ব্যক্তির প্রত্যেককে একশ টাকা করে মোট দুইশ টাকা অর্থদণ্ড এবং পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় তিনি মাদকের বিরুদ্ধে যেকোনো তথ্য ও অভিযোগ উপজেলা প্রশাসন ও হাটহাজারী মডেল থানায় জমা দেওয়ারও পরামর্শ দেন। অভিযানে হাটহাজারী মডেল থানা পুলিশের একটি টিম সাথে থেকে তাকে সহযোগিতা করেন।










