নগরীর ষোলশহর দুই নম্বর গেট এলাকায় সিমেন্ট বোঝাই একটি ট্রাক বেপরোয়া গতিতে টার্ন নিতে গিয়ে ডিউটিরত এক ট্রাফিক কনস্টেবলকে ধাক্কা দেয়। এ সময় ট্রাফিক কনস্টেবল ফিরোজ খান মারাত্মক আহত হন। তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বিকেল ৪টায় দুই নম্বর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গাড়ির চালক মোহাম্মদ ইসমাইলকে (৪৮) আটক ও সিমেন্ট বোঝাই ট্রাকটি জব্দ করা হয়। এ ব্যাপারে সার্জেন্ট এবিএম মঞ্জু জানান, বিকেলে মুরাদপুর সিগন্যাল ছাড়ার পরে সেভেন রিংস সিমেন্টের একটি খোলা ট্রাকের চালক ষোলশহর দুই নম্বর গেট এলাকায় বেপরোয়াভাবে কনস্টেবল ফিরোজ খানকে ধাক্কা দেয়। এতে তিনি বাম পায়ে গুরুতর আঘাত পান। বর্তমানে ফিরোজ চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এ ঘটনায় ট্রাকসহ চালক মোহাম্মদ ইসমাইলকে আটক করে পাঁচলাইশ থানায় দেওয়া হয়েছে। আটক ট্রাক চালক লক্ষ্মীপুর রামগতির মো: মোস্তফার পুত্র।













