দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা

আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১ অক্টোবর, ২০২৬ at ৫:১৭ পূর্বাহ্ণ

৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ। আন্তর্জাতিক প্রবীণ দিবসের এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’। জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৯০ সালের ১৪ ডিসেম্বর প্রতিবছর বিশ্বব্যাপী ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালনের সিদ্ধান্ত হয়। যুগান্তকারী এ সিদ্ধান্তের আলোকে সারাবিশ্বের ন্যায় বাংলাদেশেও ১৯৯১ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে।

আঠারো কোটি মানুষের দেশ বাংলাদেশ – এখানে প্রবীণের সংখ্যা অনেক, কিন্তু বিত্তশীল প্রবীণের সংখ্যা হাতে গোনা। দেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে বেশিরভাগ প্রবীণই হয়ে পড়েন সহায়–সম্বলহীন। বাংলাদেশে ৬০ বছর বা তার বেশি বয়সের মানুষকে প্রবীণ ধরা হয়। সে হিসেবে দেশে এখন প্রবীণের সংখ্যা দেড় কোটি, যা দেশের মোট জনসংখ্যার ৭ শতাংশ। দেশের মানুষের গড় আয়ু বাড়ার কারণে প্রবীণ জনসংখ্যা বৃদ্ধির হার এখন ৪ দশমিক ৫১ শতাংশ। আর এভাবে চলতে থাকলে ২০৩০ সালে দেশে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা দাঁড়াবে ২ কোটি ২৫ লাখ এবং ২০৫০ সালে তা বেড়ে প্রায় ৪ কোটিতে পৌঁছে যাবে। বাংলাদেশের বিশাল প্রবীণ জনগোষ্ঠীর দুই–তৃতীয়াংশের আয়ের নির্দিষ্ট কোনো ব্যবস্থা নেই। পরিসংখ্যানে জানা যায়, দেশের দুই–তৃতীয়াংশ প্রবীণই দরিদ্র এবং ৪৮ শতাংশ প্রবীণের মৌলিক চাহিদা পূরণের সামর্থ্য নেই।

দিবসটি উদযাপন উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রবীণ নাগরিকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে র‌্যালি, আলোচনা সভা, জাতীয় পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, মোবাইল অপারেটরদের মাধ্যমে প্রবীণদের মর্যাদা বিষয়ে ক্ষুদেবার্তা প্রেরণ, ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচার, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারের উদ্যোগ গ্রহণ।

বাংলাদেশ ও বিশ্বের সকল প্রবীণ ব্যক্তির সুস্বাস্থ্য ও শান্তিময় জীবন কামনা করে দিবসটি উপলক্ষে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও জনহিতৈষী সংগঠন, বিত্তবান ব্যক্তিবর্গ এবং প্রতিটি পরিবার প্রবীণদের কল্যাণে আরো সক্রিয় ভূমিকা পালনে এগিয়ে আসবেন। প্রবীণদের প্রতি ভালোবাসা, তাঁদের হাসিমুখ ও নিরাপদ বার্ধক্য হোক আমাদের অঙ্গীকার।

দেশের সকল প্রবীণ নাগরিকদের আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বাণীতে বলেন, প্রবীণ ব্যক্তিগণ আমাদের পরিবার ও সমাজের ভিত্তি। তাঁদের ত্যাগ, অভিজ্ঞতা ও প্রজ্ঞার ওপর দাঁড়িয়েই আজকের বাংলাদেশ গড়ে উঠেছে। তাই একটি কল্যাণমূলক, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে প্রবীণ জনগোষ্ঠীর প্রতি যত্নশীল দৃষ্টিভঙ্গি অপরিহার্য। তিনি বলেন, পরিবার, সমাজ ও রাষ্ট্র–তিন স্তরেই তাঁদের প্রতি সম্মান, সহানুভূতি ও দায়িত্বশীলতার চর্চা অব্যাহত রাখা জরুরি। প্রবীণদের স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, আর্থিক স্থিতিশীলতা এবং সমাজে সক্রিয় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে জীবনচক্রভিত্তিক সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরো সুসংহত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

দিবস উপলক্ষে আজ সারাদেশের ন্যায় চট্টগ্রামেও নানা কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতি প্রবীণ দিবস পালন করা হবে।

দি সিনিয়র সিটিজেন সোসাইটি : আন্তর্জাতিক প্রবীণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করবে দি সিনিয়র সিটিজেন সোসাইটি। চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে সকাল ১১টায় সমাবেশ ও র‌্যালির আয়োজন করা হয়েছে। যথাসময়ে উপস্থিত থেকে কর্মসূচি সাফল্যমণ্ডিত করার জন্য সোসাইটির সভাপতি এম এ মালেক ও সিরাজুল হক আনসারী সদস্যদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধকালুরঘাট শিল্প নগরী এলাকায় চোর চক্রের আরেক সদস্য গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধনারী ক্যান্সার রোগীদের মধ্যে ৩০ শতাংশের স্তন ক্যান্সার