পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সদ্য সাবেক মন্ত্রী দীপেন দেওয়ানকে আবারও মন্ত্রী হিসেবে পুনর্বহালের দাবিতে রাঙামাটিতে সড়কে আগুন জ্বালিয়ে ও অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের কলেজ গেইট এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এর আগে, শহরের কলেজগেট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কলেজ গেইট, টিটিসি, কল্যাণপুর হয়ে কে কে রায় সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ গেইটে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে কলেজগেট এলাকায় প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। এতে যান চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। পরে সন্ধ্যা ৭টার দিকে বিক্ষোভ সমাবেশ শেষ হলে যান চলাচল স্বাভাবিক হয়। সমাবেশে রাঙামাটি জেলা বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মো. বাচ্চু মিয়া বলেন, দীপেন দেওয়ানের বিষয়টি পুর্নবিবেচনা করে তাকে মন্ত্রীত্ব ফিরিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী বরাবর আমরা আবেদন জানাই।
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক শিবলী শান্তি চাকমা, জেলা মহিলা দলের সভাপতি নূর জাহান বেগম পারুল, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাদের আলী প্রমুখ। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে, গত সোমবার দীপেন দেওয়ান শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে প্রধানমন্ত্রী বরাবর পদত্যাগপত্র জমা দেন। তার পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে সোমবার বিকেলে কাঁঠালতলী এলাকায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে এবং গতকাল কলেজ গেইটে টানা দুদিন সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে দলটির নেতাকর্মীরা।











