দ. আফ্রিকা প্রথমবার বিশ্বকাপের নকআউটে

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ২৬ জুন, ২০২৬ at ৬:০৮ পূর্বাহ্ণ

বিশ্বকাপে ইতিহাস গড়লো দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১০ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে আফ্রিকার দেশটি। মেক্সিকোর মনতেরেতে অনুষ্ঠিত ম্যাচে দীর্ঘ সময় গোলশূন্য লড়াই চললেও ৬৩ মিনিটে দলের ত্রাতা হয়ে আবির্ভূত হন থাপেলো মাসেকো। দ্রুতগতির এক পাল্টা আক্রমণ থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে বল জালে জড়িয়ে দেন তিনি। শেষ পর্যন্ত সেই একমাত্র গোলেই জয় নিশ্চিত হয় দক্ষিণ আফ্রিকার। ম্যাচের শুরু থেকেই দক্ষিণ আফ্রিকা ছিল বেশ আক্রমণাত্মক। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি তারা। বিশেষ করে এভিডেন্স মাকগোপার সহজ সুযোগ হাতছাড়া করা দক্ষিণ আফ্রিকাকে ভোগাতে পারত। তবে দ্বিতীয়ার্ধে মাসেকোর দুর্দান্ত ফিনিশিং দলকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দেয়। অন্যদিকে ম্যাচজুড়ে ছন্দহীন ফুটবল খেলেছে দক্ষিণ কোরিয়া। দ্বিতীয়ার্ধে অধিনায়ক সন হিউংমিনকে মাঠে নামিয়েও আক্রমণে খুব একটা ধার আনতে পারেনি তারা। শেষ মুহূর্তে কয়েকটি সুযোগ তৈরি হলেও দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক রনওয়েন উইলিয়ামস দৃঢ়তার সঙ্গে সেগুলো সামলে নেন। এই জয়ে গ্রুপ ‘এ’তে দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। গ্রুপসেরা হয়েছে স্বাগতিক মেক্সিকো, যারা নিজেদের ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ৩০ গোলে হারিয়েছে। ফলে চার পয়েন্ট নিয়ে নকআউট পর্বে উঠেছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে পরাজয়ের পরও দক্ষিণ কোরিয়ার আশা পুরোপুরি শেষ হয়নি। তারা গ্রুপে তৃতীয় স্থানে থেকে সেরা তৃতীয় হওয়া দলগুলোর তালিকায় জায়গা পাওয়ার অপেক্ষায় থাকবে। তবে তাদের ভাগ্য এখন নির্ভর করছে অন্য গ্রুপগুলোর ফলাফলের ওপর। বিশ্বকাপের ইতিহাসে এর আগে কখনও গ্রুপ পর্ব পেরোতে পারেনি দক্ষিণ আফ্রিকা। তাই দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এই জয় শুধু নকআউট নিশ্চিত করেনি, দেশটির ফুটবল ইতিহাসেও নতুন এক অধ্যায়ের সূচনা করেছে।

পূর্ববর্তী নিবন্ধকাতারকে বিদায় করে নকআউট পর্বের অপেক্ষায় বসনিয়া
পরবর্তী নিবন্ধগ্রুপসেরা হয়ে নকআউটে স্বাগতিক মেক্সিকো