আকবর ৭ গ্রুপ ক্রিকেটে জয় পেল শাইনিং ও ব্রাদার্স একাডেমি

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ১৪ নভেম্বর, ২০২৬ at ১১:২৪ পূর্বাহ্ণ

আকবর ৭ গ্রুপ একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্টে শাইনিং ক্রিকেট একাডেমি এবং ব্রাদার্স ক্রিকেট একাডেমি নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত গতকাল দিনের প্রথম খেলায় শাইনিং ক্রিকেট একাডেমি ৬ রানের ব্যবধানে রাইজিং স্টার ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শাইনিং ক্রিকেট একাডেমি ১৯.৫ ওভারে ১৪০ রানে অলআউট হয়। দলের পক্ষে ওপেনার সাইফুল আলম ৬০, আমিনুল ইসলাম ৩৭ এবং রিপন হোসেন ১৫ রান করেন। রাইজিং স্টার ক্রিকেট একাডেমির আবু বক্কর, সজিবুর রহমান এবং ইলহাম উদ্দিন প্রত্যেকে ২টি করে উইকেট লাভ করেন।

১৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রাইজিং স্টার ক্রিকেট একাডেমি ১৯.৩ ওভারে ১৩৪ রানে অলআউট হয়। দলের পক্ষে সাদমান হোসেন ১৬, আবু বক্কর ১৬, উসাইদুল রাজিব ১৫, উজাইর আলম ১৪ রান এবং সাইফুল ইসলাম ১৪ রান করেন। শাইনিং ক্রিকেট একাডেমির মোস্তাফিজুর রহমান, আলী হায়দার এবং মুক্তার হোসেন প্রত্যেকে ২টি করে উইকেট নেন। খেলা শেষে সেরা খেলোয়াড় সাইফুল আলমের হাতে পুরস্কার তুলে দেন টুর্নামেন্ট কমিটির সদস্য এবং সিজেকেএস কাউন্সিলর আলী হাসান রাজু।

দিনের অপর খেলায় ব্রাদার্স ক্রিকেট একাডেমি ২ উইকেটে আফতাব আহমেদ ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে আফতাব আহমেদ ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে শাহিদ আল মাহাদী ৫১, ইমরান হাসান ২৯ এবং সাদমান মাহমুদ ১১ রান করেন।

ব্রাদার্স ক্রিকেট একাডেমির ফাইয়াজ আবরার ৩টি, তানভীর রহমান ২টি এবং হুমায়ুন অহন ১টি উইকেট লাভ করেন। ১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্রাদার্স ক্রিকেট একাডেমি ১৭.০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৮ রান তুলে জয় নিশ্চিত করে।

দলের পক্ষে হুমায়ুন অহন ২৩, সাদমান তাহসিন ১৭, আরশাদুল হক ১৩, জুনায়েদ হোসেন ১৩ এবং আকিবুল ইসলাম অপরাজিত ১১ রান করেন। আফতাব আহমেদ ক্রিকেট একাডেমির ম্যাক্সিম চাকমা ২টি, এরশাদুল ফারহান এবং সুব্রত শীল প্রত্যেকে ১টি করে উইকেট নেন। খেলা শেষে সেরা খেলোয়াড় হুমায়ুন অহনের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনের পরিচালক মাসুদ আহমেদ।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ হালিশহরে আন্তঃএকাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন