প্রতিরক্ষামন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও তুরস্ক। গতকাল শনিবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাক্ষাতে এ সিদ্ধান্ত হয়েছে।
প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও রাজনৈতিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে বৈঠকে মন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এছাড়া দুই দেশের কৌশলগত সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রতি বছর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে দুই দেশের ব্যবসা–বাণিজ্য, বিনিয়োগ, রোহিঙ্গা সংকটসহ নানা বিষয়ে আলোচনা হয় বলে সরকারপ্রধানের দপ্তর জানিয়েছে। খবর বিডিনিউজের।
তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ : বাসস জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। গতকাল বিকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এ আমন্ত্রণ জানান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ সময় তারেক রহমান বাংলাদেশ সফরের জন্য তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান। হাকান ফিদান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের শুভেচ্ছা পৌঁছে দেন। তিনি বলেন, তাঁর এ সফর বাংলাদেশ–তুরস্ক সম্পর্ককে কৌশলগত পর্যায়ে উন্নীত করার প্রথম পদক্ষেপ। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদপ্রার্থী হিসেবে খলিলুর রহমানকে সমর্থন জানানোয় বৈঠকে তুরস্ককে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পররাষ্ট্র বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
তিন দিনের সফরে গত বৃহস্পতিবার ঢাকায় আসেন হাকান ফাদান। পরদিন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। এরপর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কঙবাজার যান এবং রাতে ঢাকায় ফেরেন।












