তামিমের সভাপতি হওয়া ক্রিকেটারদের জন্য ইতিবাচক দিক : মিরাজ

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১৭ এপ্রিল, ২০২৬ at ৫:৫৯ পূর্বাহ্ণ

তামিম এখন দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থার প্রধান। কিছুদিন আগেও যিনি ছিলেন ক্রিকেটার, এমন একজনকে বোর্ড সভাপতি হিসেবে পাওয়ায় বেশ কিছু সুবিধা হবে বলে মনে করেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মিরাজ। গত ৭ এপ্রিল বিসিবি সভাপতির দায়িত্ব্‌ নেন তামিম। নিউজিল্যান্ড সিরিজে তাকিয়ে তখন মিরপুর শেরবাংলা স্টেডিয়ামে প্রস্তুতি ক্যাম্প চলছে বাংলাদেশ দলের। সেই ক্যাম্প চলার সময় ক্রিকেটারদের সঙ্গে বেশ কবারই কথা বলতে দেখা গেছে তখনকার সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে। রদবদলের পর তামিমও দেখা করেছেন মিরাজদের সঙ্গে। মিরাজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে দাবি করলেন, ‘আমরা তো অনুশীলন করেছি এবং গত তিন সপ্তাহে আমরা খুবই ভালো অনুশীলন করেছি এবং পেশাদার ক্রিকেটার হিসেবে আসলে বাইরে কী হয়, সেসব আমাদের ওরকম মাথায় প্রভাব পড়ে না। কারণ আমাদের কাজ হলো পারফর্ম করা এবং গত তিন সপ্তাহে যেভাবে অনুশীলন হয়েছে, এটা আমার কাছে মনে হয় অনেক ভালো অনুশীলন আমরা করেছি এবং বাইরে কী হয়েছে, এটা আমরা কখনোই চিন্তা করিনি।’ মিরাজ জানালেন, ক্রিকেটারদের সঙ্গে দেখা করে দলকে উজ্জীবিত করেছেন নতুন বিসিবি সভাপতি। ‘প্রেসিডেন্টের সাথে আমাদের কথা হয়েছিল যে আমাদের দলটা ভালো করছে, আমাদের বুস্ট আপ করেছেন তিনি এবং বলেছেন যে, আমরা যেভাবে খেলছি, এভাবে ভালো ক্রিকেট খেলে যেতে হবে।’ এই সময়ের ক্রিকেটের ভেতরবাহির সবকিছু জানেন বলে সভাপতির দায়িত্বে সাবেক এই অধিনায়ক কার্যকর হবেন, বিশ্বাস মিরাজের। ‘আমার কাছে মনে হয় যে, যেহেতু আমরা একসঙ্গে ক্রিকেট খেলেছি এবং তিনি আমাদের সম্পর্কে আরও বেশি ভালো জানেন, সামপ্রতিক সময়ে আমাদের কী চাহিদা আছে এবং আমরা কীভাবে পছন্দ করিযেহেতু তিনি সমপ্রতি খেলা ছেড়েছেন, এটা একটা ক্রিকেটারদের জন্য একটা ইতিবাচক দিক।’

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে বৈশাখী দাবা উৎসব
পরবর্তী নিবন্ধবাংলাদেশের পেস আক্রমণে চ্যালেঞ্জ দেখছেন কিউই অধিনায়ক ল্যাথাম