তদন্ত কর্মকর্তা ছাড়াই চলছে কর্ণফুলী থানা

কর্ণফুলী প্রতিনিধি | শনিবার , ২৫ এপ্রিল, ২০২৬ at ৫:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী থানায় গত ছয় মাস ধরে পরিদর্শক (তদন্ত) পদটি শূন্য পড়ে আছে। এতে মামলার তদন্ত কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। গুরুত্বপূর্ণ এই পদে কর্মকর্তা না থাকায় তদন্ত কর্মকর্তারা প্রয়োজনীয় দিকনির্দেশনা পাচ্ছেন না। ফলে অনেক মামলার অগ্রগতি ধীর হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে।

থানা সূত্রে জানা গেছে, গত বছরের নভেম্বরের শুরুতে পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বদলি হন। এরপর থেকে এই পদে নতুন কাউকে পদায়ন করা হয়নি। দীর্ঘদিন পদটি খালি থাকায় তদন্ত কার্যক্রমে সমন্বয়হীনতা তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের মতে, তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) না থাকায় মাঠপর্যায়ের কর্মকর্তারা সুনির্দিষ্ট নির্দেশনা ছাড়া কাজ করতে বাধ্য হচ্ছেন। এতে তদন্তের মান ও গতি দুইই ব্যাহত হচ্ছে।

এদিকে থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছুটিতে থাকলে অপারেশন অফিসার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলামকে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়। এতে প্রশাসনিক ও তদন্ত উভয় কার্যক্রমে চাপ বাড়ছে এবং সার্বিক ব্যবস্থাপনায় জটিলতা তৈরি হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিভিন্ন ঘটনায় মামলা হলেও দৃশ্যমান অগ্রগতি না থাকায় ভুক্তভোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, তদন্ত কর্মকর্তা পদে নিয়োগের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে কবে নাগাদ পদায়ন হবে, তা এখনো নিশ্চিত নয়।

পূর্ববর্তী নিবন্ধশুকিয়ে যাচ্ছে পাহাড়ের ঝিরি-ঝর্না প্রকট হচ্ছে সুপেয় পানির সংকট
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে মুগ্ধতা ছড়াচ্ছে লাল সোনাইল