ঢাকা-চট্টগ্রাম দ্রুতগতির রেলপথ করার পরিকল্পনা রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জ্বালানি সংকট মোকাবিলায় মাতারবাড়ীতে এক লাখ টন জ্বালানি মজুদের পরিকল্পনা

| রবিবার , ৯ আগস্ট, ২০২৬ at ৬:৩৯ পূর্বাহ্ণ

ঢাকা ও চট্টগ্রামের মধ্যে দ্রুত গতির রেলপথ নির্মাণে সরকারের পরিকল্পনা থাকার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এই রেলপথ বাস্তবায়ন হলে রাজধানী থেকে চট্টগ্রাম নগরীতে দুই ঘণ্টার মধ্যে পৌঁছানো সম্ভব হবে বলে মনে করছেন তিনি। গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে চিটাগং জার্নালিস্ট ফোরাম, ঢাকাসিজেএফডির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে সালাহউদ্দিন আহমদ বক্তব্য রাখছিলেন বলে গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। তিনি বলেন, আঞ্চলিকতার টান সবার মধ্যেই থাকে। তবে সবাই একসঙ্গে থাকলে খুব সহজেই সামনে এগিয়ে যাওয়া সম্ভব। নিজেদের এবং দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

বাংলাদেশের যোগাযোগব্যবস্থার উন্নয়নে বিকল্প রেলপথ বা ‘কর্ড লাইনের’ ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তার কথাও বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকাকালে যোগাযোগব্যবস্থার উন্নয়ন নিয়ে গবেষণা করা হলেও তা বাস্তবায়ন করতে পারেনি। চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত এঙপ্রেসওয়ে রেলপথ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে সরকারের। এটি বাস্তবায়ন হলে মাত্র দুই ঘণ্টায় চট্টগ্রাম থেকে ঢাকায় যাতায়াত করা সম্ভব হবে। খবর বিডিনিউজের।

জ্বালানি সংকট মোকাবিলায় মাতারবাড়ীতে এক লাখ টন জ্বালানি মজুদের পরিকল্পনার কথা তুলে ধরে কঙবাজারের এই সংসদ সদস্য বলেন, সেখানে আরও দুটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের।

বিগত আওয়ামী লীগ সরকারের সময় জ্বালানির জন্য মধ্যপ্রাচ্যনির্ভরতা তৈরি হয়েছিল তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় শুধু গ্যাস কিংবা তেলের ওপর নির্ভর না করে বহুমুখী পরিকল্পনা গ্রহণ করতে হবে। কোনো একটি দেশের ওপর নির্ভরশীল না হয়ে বিভিন্ন দেশের সঙ্গে বহুমুখী উৎস নিয়ে কাজ করছে সরকার।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর মহাসচিব কাদের গনি চৌধুরী, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এস এ এম মাহফুজুর রহমান, ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দীন আহমদ, সিজেএফডির সভাপতি শামীম জাহাঙ্গীর। অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন ভূমি প্রতিমন্ত্রী ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধঢেলে সাজানো হচ্ছে নগরীর যোগাযোগ ব্যবস্থা
পরবর্তী নিবন্ধইনশাআল্লাহ, চট্টগ্রামে আরেকটি ইতিহাস রচিত হবে