চট্টগ্রামে ডেঙ্গুতে গতকাল আরো দুইজনের মৃত্যু হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৬ জনের। এদিকে গতকাল নতুন করে আরো ১০৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি–বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৬৫৪ জন।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে প্রতিবেদনের তথ্য মতে, গতকাল সর্বশেষ ২৪ ঘণ্টায় ১০৮ জন আক্রান্তের মধ্যে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪২ জন, ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ১৬ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১৪ জন, সিএমএইচ হাসপাতালে ৭ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ৪ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৫ জন।
চলতি অক্টোবর মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৮৮ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের। সেপ্টেম্বরে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৩০ জন এবং মৃত্যু হয়েছে ১৬ জনের। আগস্টে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২০২ জন, মৃত্যু হয়েছে ২ জনের। জুলাইয়ে আক্রান্ত হন ৫৩৬ জন, মৃত্যু হয় দুইজনের। জুনে আক্রান্ত ১২২ জন, মে মাসে ৩৭ জন, এপ্রিলে ২৯ জন, মার্চে ২০ জন, ফেব্রুয়ারিতে ২২ জন আক্রান্ত এবং মৃত্যু হয় একজনের। জানুয়ারিতে আক্রান্ত হয়েছিলেন ৬৮ জন। চলতি বছর মোট আক্রান্ত রোগীর মধ্যে ২ হাজার ৬৯৩ পুরুষ, ১ হাজার ৬৫০ জন মহিলা এবং ১ হাজার ৩১১ জন শিশু।
উল্লেখ্য, ২০২৫ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ৪ হাজার ৮৬৪ জন এবং মারা যান ২৭ জন। ২০২৪ সালে আক্রান্ত হয়েছিলেন ৪ হাজার ৩২৩ জন, মারা যান ৪৫ জন। ২০২৩ সালে আক্রান্ত হয়েছিলেন ১৪ হাজার ৮৭ জন। মারা যান ১০৭ জন।












