বিলম্বে পরীক্ষায় উপস্থিতির কারণ জানতে চাইলে শিক্ষকের মুখে কলম দিয়ে আঘাত করে রক্তাক্ত করেছে উচ্ছৃঙ্খল এক ছাত্র। গত সোমবার রাউজান আরআরএসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে । মোহাম্মদ ইউছুপ নামে উচ্ছৃঙ্খল এই ছাত্রের বাড়ি উপজেলার ডাবুয়া ইউনিয়নের আরবনগর গ্রামে। সে ওই গ্রামের মৃত মোহাম্মদ শফির ছেলে। চলাফেরা এলাকার কিশোর গ্যাংয়ের সাথে।
বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, ইউছুপ ভোকেশনাল বিভাগের নবম শ্রেণীর ছাত্র। এদিন এই বিভাগের পরীক্ষা ছিল। সে পরীক্ষায় বসেছিল বিলম্বে এসে। এসময় দায়িত্বরত শিক্ষক সুচরিত চৌধুরী তার কাছে বিলম্বে আসার কারণ জানতে চায়, প্রশ্ন করেন কেন বিদ্যালয়ে নিয়মিত আসে না। মাথার চুল এত লম্বা কেন? শিক্ষকের এমন প্রশ্নের উত্তর না দিয়ে সে শিক্ষকের সাথে অশোভন আচরণ করতে থাকে। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা কলম দিয়ে আঘাত করে ওই শিক্ষকের মুখে ডান পাশের কানের নিচে। এতে শিক্ষক সুচরিত চৌধুরীর শরীর রক্তাক্ত হয়। পরে অন্যান্য শিক্ষকরা এসে তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যান। ঘটনার পর উচ্ছৃঙ্খল এই শিক্ষার্থী পালাতে চেষ্টা করে। এসময় অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে আটকিয়ে বিদ্যালয়ের অফিস কক্ষে নিয়ে যায়। বিদ্যালয় থেকে তার অভিভাবকে খবর দেয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর শিক্ষকের চিকিৎসার ব্যবস্থা করা হয়। ওই ছাত্রকে তার মায়ের হাতে তুলে দেওয়া হয় এবং বলা হয়েছে আর যেন তাকে বিদ্যালয়ে না পাঠায়। প্রধান শিক্ষক আরও বলেন, এই ঘটনা তদন্তে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আলীকে প্রাধান ও শিক্ষক শিপ্রা দে ও মোহাম্মদ জসিম উদ্দিনকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে কমিটি রিপোর্ট দিয়েছে। রিপোর্ট পর্যালোচনা করে ওই শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করার পাশাপাশি থানায় সাধারণ ডায়েরি করার সিদ্ধান্ত হয়েছে।












