চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত আরো এক রোগীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ১৪ বছরের ওই কিশোরের মৃত্যু হয়। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন। মিসকাত নামের ওই কিশোরের বাড়ি বোয়ালখালী। জ্বরের পর প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। তবে চিকিৎসকদের পরামর্শে গত ২০ জুলাই তাকে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেদিনই তার মৃত্যু হয়। এ নিয়ে চলতি মৌসুমে ডেঙ্গু আক্রান্তদের মাঝে ২২ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। এদিকে শেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী শনাক্তে ফের রেকর্ড হয়েছে চট্টগ্রামে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ১৪৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে, যা চলতি মৌসুমে একদিনে সর্বোচ্চ শনাক্ত। এর আগে ১৮ জুলাই ২৪ ঘণ্টায় ১১৮ জন ডেঙ্গু রোগী শনাক্তের তথ্য দিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। সর্বশেষ ১৪৩ জনের শনাক্তের মধ্য দিয়ে চলতি মৌসুমে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা এখন দুই হাজার ছুঁইছুঁই। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯২৩ জনে। গতকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ২৩৯ জন রোগী চিকিৎসাধীন বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। এর মাঝে চমেক হাসপাতালে ভর্তি রয়েছে ৭৯ জন।














