ডিএনএ আবিষ্কারের ৭৩ বছর উদযাপন

চবি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ

| বুধবার , ২৯ এপ্রিল, ২০২৬ at ৮:১৬ পূর্বাহ্ণ

চবি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের উদ্যোগে ডিএনএ আবিষ্কারের ৭৩তম বার্ষিকী উপলক্ষে ডিএনএ ফেস্টিভ্যাল গতকাল মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়। বিভাগের কনফারেন্স রুমে উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্‌ফোরকান। বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন ও জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া। সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি প্রফেসর ড. লায়লা খালেদা।

প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্‌ফোরকান বলেন, ৭৩ বছরের বেশি সময় আগে ডিএনএ আবিষ্কার হয়েছে। তখন মানুষ ধারণা করেছিল ডিএনএ নিয়েই কাজ করতে হবে। কিন্তু পরবর্তীতে মানুষ জানতে পারল যে ডিএনএ এর আরেকটা রুপ হচ্ছে আরএনএ। এখন গবেষকরা আরএনএ নিয়ে গবেষণা করছে। এজন্য এখন সব প্রতিষেধকগুলো আরএনএ এর ওপর ভিত্তি করে বানানো হচ্ছে। এজন্য আমাদেরকে আরএনএ এর ওপর ভিত্তি করে গবেষণা করা উচিত। এদিন সকালে ডিএনএ ফেস্টিভ্যাল উদ্বোধন করেন বিভাগের সভাপতি প্রফেসর ড. লায়লা খালেদা। আয়োজনের মধ্যে ছিল পোস্টার প্রদর্শনী, আলোকচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা। উপাচার্যসহ অতিথিবৃন্দ এসব ইভেন্টে বিজয়ীদের সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করেন। শুরুতে মাননীয় উপাচার্যসহ অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং সম্মাননা প্রদান করা হয়।

ডিএনএ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় ‘জিনস অ্যান্ড জাস্টিস : জেনোমিক সার্ভেইল্যান্স অ্যাজ এ পিলার অব পাবলিক হেলথ সিকিউরিটি’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন অনুষ্ঠানের কিনোট স্পিকার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ডা. তাহমিনা শিরিন। তিনি জনস্বাস্থ্যের নিরাপত্তায় জেনোমিক নজরদারির গুরুত্ব এবং আইনি কাঠামোর বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন।

অনুষ্ঠানে অতিথি বক্তা ছিলেন চীনের বিজিআই জেনোমিকসের প্রতিনিধি কাই হুয়াং হেনরি। শুভেচ্ছা বক্তব্য দেন, বিভাগের প্রফেসর ড. আদনান মান্নান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী শাইরিন জেবুন লাবিবা ও তাহিয়া তাবাসসুম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ক্রিটিক্যাল পার্সপেক্টিভ প্রকাশিত
পরবর্তী নিবন্ধ৩৫ বছরেও পড়েনি একটি ইট,সড়কে জাল ফেলে ‘প্রতিবাদ’