চেক প্রতারণার একটি মামলায় রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পদক সাইফুদ্দিন চৌধুরী সাবুকে ১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গত ৯ এপ্রিল চট্টগ্রামের ৬ষ্ঠ যুগ্ম মহানগর দায়রা জজ আবদুল্লাহ খাঁন এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি কাঠগড়ায় হাজির ছিলেন না, তিনি পলাতক। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করা হয়েছে। সাইফুদ্দিন চৌধুরী সাবু রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের হাছানখীল চৌধুরী বাড়ীর জগন্নাথহাটের বাসিন্দা।
আদালতসূত্র জানায়, রাউজানের ডাবুয়া ইউনিয়নেরই অপর এক বাসিন্দা আব্দুর রহমান চৌধুরী ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর সাবুর বিরুদ্ধে ৫০ লাখ টাকার চেক প্রতারণার মামলাটি দায়ের করেছিলেন। পাওনা টাকার বিপরীতে উক্ত চেকটি আব্দুর রহমানকে দিয়েছিলেন সাবু। যা পরবর্তীতে ডিজঅনার হয়।
আদালতের বেঞ্চ সহকারী ফরিদ আহমেদ আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলা দায়ের পরবর্তী গত বছরের ২২ এপ্রিল আসামি সাবুর বিরুদ্ধে চার্জগঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন বিচারক। সেই অনুযায়ী সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে বিচারক সাবুকে কারাদণ্ড দিয়ে এ রায় ঘোষণা করেছেন।














