রাঙ্গুনিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও একটি মাইক্রোবাসসহ সাহাদাত হোসেন প্রকাশ মানিক (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার সাহাদাত পোমরা আজিমনগর এলাকার মৃত সাকের আহাম্মদের ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার দিবাগত রাতে রাঙ্গুনিয়া থানা পুলিশের একটি দল এলাকায় টহল দিচ্ছিল। রাত আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, উপজেলার পোমরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আজিমনগর এলাকায় চট্টগ্রাম–কাপ্তাই সড়কসংলগ্ন পটেটো চিপস গলির ভেতরে একদল ব্যক্তি অস্ত্রশস্ত্র ও গাড়ি নিয়ে অবস্থান করছে।
খবর পেয়ে রাত সোয়া ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সন্দেহভাজন ব্যক্তিরা পালানোর চেষ্টা করে।
এ সময় ধাওয়া দিয়ে সাহাদাত হোসেনকে গ্রেপ্তার করা হয়। তবে অন্যরা অন্ধকারের সুযোগ নিয়ে পাশের পাহাড়ে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে থাকা একটি কালো রঙের পুরোনো হাইচ মাইক্রোবাস তল্লাশি করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে দুটি ধারালো ছুরি, একটি বড় লোহার কাটার, একটি ধারালো দা, ৪০ ইঞ্চি লম্বা একটি লোহার সাবল এবং দুটি বড় কিরিচ।
রাঙ্গুনিয়া থানার ওসি মোহাম্মদ জহির উদ্দিন বলেন, এ ঘটনায় সাহাদাতসহ ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করে দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।














