পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি,পেকুয়া মডেল ফারিয়ার মানববন্ধন

| মঙ্গলবার , ১২ মে, ২০২৬ at ৮:২৯ পূর্বাহ্ণ

ঔষধ কোম্পানি প্রতিনিধিদের পেশার মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশের দাবিতে কেন্দ্রীয় ফারিয়ার আহ্বানে দেশব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা সফল করতে কঙবাজারের পেকুয়া মডেল ফারিয়ার ‘প্রতিবাদী মানববন্ধন’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় পেকুয়া প্রেসক্লাবের সামনে পেকুয়া মডেল ফারিয়ার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার স্থায়ী পরিষদের সদস্য আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ফারিয়ার উপদেষ্টা মনছুর আলম ইউনুচ, কেন্দ্রীয় ফারিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান হামীম। বক্তারা ঔষধ প্রতিনিধিদের ওপর অশুভ আচরণ ও নানাভাবে হেনস্তা করার তীব্র নিন্দা জানান। পেকুয়া মডেল ফারিয়ার সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে এবং সিনিয়র সহসভাপতি আবদুর রহিমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে প্রায় ৩ লাখ উচ্চশিক্ষিত যুবক ঔষধ কোম্পানিতে কর্মরত আছেন। তারা নিরলস পরিশ্রমের মাধ্যমে একদিকে যেমন মানুষের সেবা করছেন, অন্যদিকে রাষ্ট্রীয় রাজস্ব আদায়ে অনন্য ভূমিকা রাখছেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, একটি অশুভ চক্র এই প্রশিক্ষিত জনগোষ্ঠীকে ‘দালাল’ আখ্যায়িত করে সম্মানহানি করছে। মানববন্ধনে বক্তারা আরও বলেন, অনেক ক্ষেত্রে দোকানদার ও সংশ্লিষ্টরা তাদের সাথে কুরুচিপূর্ণ আচরণ করেন। এমএ পাস করা যুবকরা এই পেশায় এসে কর্মক্ষেত্রে প্রতিনিয়ত হেনস্তার শিকার হচ্ছেন। রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা রক্ষা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, রিপন মাহমুদ, মেহেদী হাসান প্রমুখ। মানববন্ধন ও প্রতিবাদ সভায় ফারিয়ার শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডাবুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক সাবুর ১ বছরের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধনিরীক্ষা ও হিসাব বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ সেবা কার্যক্রম শুরু