কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ৬ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় কামাল হোসেন (৪৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। কামাল হোসেন টেকনাফের আলিখালী এলাকার আহমেদ হোসেনের ছেলে। গতকাল মঙ্গলবার বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, হ্নীলার আলিখালী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের কোস্টগার্ড স্টেশনের সদস্যরা গত সোমবার গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি বসতঘরে তল্লাশি চালিয়ে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও জানান, উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য ৬ কোটি ৫০ লাখ টাকা। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।











