নগরীর কোর্ট হিলের আইনজীবী এনেঙ ভবন–১ এর একটি চেম্বার থেকে ৩২টি সরকারি সিলসহ গ্রেপ্তার ‘টাউট’ জনির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক এ আদেশ দেন। এর আগে পুলিশের পক্ষ থেকে জনির ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়।
জেলা আইনজীবী সমিতির কার্য নির্বাহী কমিটির সদস্য আলী আকবর আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন। জাহিদুল হাসান প্রকাশ জনি আদালত পাড়ায় ‘পীতাম্বর শাহ’র দোকান’ হিসেবে পরিচিত ছিলেন। যখন কোনো কিছুর খুব দুর্লভ সংস্করণ বা হারানো জিনিসের খোঁজে মানুষ দিশেহারা হয়, তখন চট্টগ্রামের মানুষ বলে উঠে ‘বকসিরহাটের পীতম্বর শাহ’র দোকানে গিয়ে দেখো, ওখানে পাওয়া যেতে পারে।’ এই জনিকে নিয়ে লোকমুখে জনশ্রুতি ছিল-‘তার কাছে না পাওয়ার কিছু নেই’। তার কাছে গেলেই জমি–জমা সংক্রান্ত যাবতীয় সমাধান নিমিষেই পাওয়া সম্ভব।
গত ৪ জুন জেলা আইনজীবী সমিতির টাউট উচ্ছেদ কমিটি আইনজীবী এনেঙ ভবন–১ এর ৭২৫ নম্বর চেম্বারে অভিযান পরিচালনা করে। এ সময় জাহিদুল ইসলাম জনিকে ৩২টি সরকারি সিলসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে তার বিরুদ্ধে সমিতির সহ–সাধারণ সম্পাদক ও টাউট উচ্ছেদ কমিটির সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
মামলার এজহারে বলা হয়, জনির কাছ থেকে ৫০টিরও বেশি বিভিন্ন খতিয়ানের জাল কপি এবং দুষ্প্রাপ্য সব সরকারি নথিপত্রও উদ্ধার করা হয়।











