টঙ্গীতে বিস্কুটের কার্টনে ১০ তাজা ককটেল

| রবিবার , ৪ অক্টোবর, ২০২৬ at ১০:৩১ পূর্বাহ্ণ

গাজীপুরের টঙ্গীতে পরিত্যক্ত এক বিস্কুটের কার্টন থেকে ১০টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে গুটিয়ার আন্ধারুল এলাকায় স্থানীয় ছাত্রলীগ নেতা নূর নবীর বাড়ির সামনে থেকে এসব ককটেল উদ্ধার করা হয় বলে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান জানান। খবর বিডিনিউজের।

স্থানীয় বাসিন্দা সাকিব হোসেন বলেন, সকালে রাস্তার পাশে একটি বিস্কুটের কার্টন পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। কার্টনের মুখ সামান্য খোলা থাকায় ভেতরে ককটেলসদৃশ বস্তু দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে টঙ্গী পশ্চিম থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে স্থানটি নিরাপত্তাবেষ্টনী দিয়ে ঘিরে ফেলে এবং সাধারণ মানুষের যাতায়াত বন্ধ করে দেয়। দুপুরের দিকে বোম্ব ডিসপোজাল বিশেষজ্ঞ দল গিয়ে সেগুলো নিষ্ক্রিয় করে বলে টঙ্গী পশ্চিম থানার এসআই মেহেদী হাসান জানান।

টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, কারা এবং কী উদ্দেশ্যে ককটেলগুলো এখানে রেখে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পুলিশের তদন্ত শুরু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে শাস্ত্রীয় কথক নৃত্য কর্মশালার সমাপনী