দেশে চলমান জ্বালানি সংকটের মধ্যে নাটোরের গুরুদাসপুরে অর্ধশত গাড়ির বহর নিয়ে ‘ভোটের প্রচার’ করায় এক ছাত্রদল নেতাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গতকাল সোমবার সকালে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। অব্যাহতি পাওয়া মাসুদ রানা প্রামাণিক উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ছিলেন। তিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা জানান দিতে রোববার বিকালে গাড়ির বহর নিয়ে প্রচার করেন। তার নেতৃত্বে গুরুদাসপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হওয়া এ বহরে প্রায় অর্ধশত হাইয়েস ও প্রাইভেটকার ছিল। দেশে চলমান জ্বালানি সংকট নিরসনে সরকার বিভিন্ন সাশ্রয়ী নীতি মেনে চলছে। এ সময়ে ছাত্রদল নেতার এমন কাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক সমালোচনার জন্ম দেয়।












