জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, একজনকে ৩ বছরের কারাদণ্ড

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৭ মে, ২০২৬ at ৮:৪৬ পূর্বাহ্ণ

সম্পদ বিবরণী দাখিল না করা এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে আনোয়ারা উপজেলার এক বাসিন্দাকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া তাকে ৩৭ লাখ ৪ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মো. মিজানুর রহমান খানের আদালত এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত হাসান মাঝি প্রকাশ মো. হাছান আনোয়ারা উপজেলার রায়পুরের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি কাঠগড়ায় হাজির ছিলেন না। তিনি পলাতক। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করা হয়েছে।

দুদক পিপি রেজাউল করিম রনি আজাদীকে বলেন, ১১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এ রায় ঘোষণা করেছেন। আদালতসূত্র জানায়, দুদকের পক্ষ থেকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশনা থাকলেও হাসান মাঝি সেটি করেননি। তবে অনুসন্ধানে তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ৩৭ লাখ ৪ হাজার টাকার সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার তথ্য পাওয়া যায়। এ ঘটনায় দুদকের পক্ষ থেকে তার বিরুদ্ধে ২০২১ সালের ১০ জুন একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে চার্জশিট দাখিল করা হলে ২০২৪ সালের ১৬ অক্টোবর তার বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।

পূর্ববর্তী নিবন্ধবরিশাল থেকে নিখোঁজ স্কুলছাত্র ৪ দিন পর কক্সবাজারে উদ্ধার
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে গৃহবধূর মরদেহ উদ্ধার