ফটিকছড়িতে গৃহবধূর মরদেহ উদ্ধার

ফটিকছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ৭ মে, ২০২৬ at ৮:৪৭ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে নুসরাত জাহান রুমা (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের এক খুলিয়া এলাকার সিকদার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নুসরাত ওই এলাকার মো. নাজুর কন্যা।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নুসরাতের মা বেবি আক্তার ১০১২ বছর আগে নুসরাতকে নিয়ে নাজুর সঙ্গে বৈবাহিক সূত্রে এই পরিবারে আসেন। বছরখানেক আগে নুসরাতের বিয়ে হলেও দাম্পত্য কলহের কারণে চারপাঁচ দিন স্বামীর বাড়িতে থেকে তিনি বাবার বাড়িতে ফিরে আসেন। এরপর থেকে তিনি সেখানেই থাকতেন।

পরিবারের সদস্যদের দাবি, গত কয়েক দিন ধরে নুসরাত অস্বাভাবিক আচরণ করছিলেন। বুধবার নিজ ঘরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশের ভাষ্যমতে, দীর্ঘদিনের দাম্পত্য বিচ্ছেদ কিংবা সামপ্রতিক মানসিক অস্থিরতা থেকে এই ঘটনা ঘটেছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী নিবন্ধজ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, একজনকে ৩ বছরের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধহাসিনাসহ ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৭ জুন