জুলাইয়ের রক্তের বিনিময়ে বাংলাদেশ নতুন সম্ভাবনার পথে এগিয়েছে

মতবিনিময় সভায় নগর জামায়াত আমির

| বুধবার , ৮ জুলাই, ২০২৬ at ১০:৪৩ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ ও আহতদের রক্তের বিনিময়ে বাংলাদেশ নতুন সম্ভাবনার পথে এগিয়েছে। এই আত্মত্যাগকে দলীয় স্বার্থে ব্যবহার না করে জাতীয় সম্পদ হিসেবে মূল্যায়ন করতে হবে। শহীদ পরিবার ও আহতদের সম্মান, পুনর্বাসন এবং রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করাই হবে জুলাইয়ের প্রকৃত চেতনার বাস্তবায়ন।

তিনি গতকাল মঙ্গলবার জামালখানস্থ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর কার্যালয়ে জুলাই শহীদ পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে এবং মহানগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। এতে জুলাই শহীদ ফারুক হোসেনের স্ত্রী, ছেলে ও মেয়ে এবং আহত আবদুল আজীজ, শাহাদাত হোসেন মানিক ও জাহাঙ্গীর মুহুরী উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে এস এম লুৎফর রহমান শহীদ পরিবার ও আহতদের প্রতি ফেডারেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং তাদের সম্মান ও অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর সহসভাপতি মকবুল আহমেদ ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম ট্রেড ইউনিয়ন সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম ও পাঠাগার সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৩ হাজার কোটি টাকার প্রকল্প শিগগিরই সরকারের কাছে পাঠানো হবে
পরবর্তী নিবন্ধ‘ফল খান বেশি, বল পাবেন বেশি’