জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিভক্তি বা বিতর্কের সুযোগ নেই

রেড ক্রিসেন্ট সোসাইটির আলোচনা সভায় শামীম

| শুক্রবার , ৭ আগস্ট, ২০২৬ at ৭:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, ছাত্রদের আন্দোলনের সময় বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান (বর্তমান প্রধানমন্ত্রী) তারেক রহমান নিয়মিত নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে রাজপথে থাকার নির্দেশনা দিয়েছেন। ছাত্রজনতার আন্দোলনের প্রতি সর্বাত্মক সমর্থন দিয়েছেন। ছাত্রজনতার এই আন্দোলনে বিএনপির নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন এবং সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়েই গণঅভ্যুত্থান সফল হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিভক্তি বা বিতর্কের সুযোগ নেই। এটি ছাত্র, জনতা ও বিভিন্ন রাজনৈতিক শক্তির সম্মিলিত আন্দোলনের ফসল। গত ৫ আগস্ট জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের সেমিনার হলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ‘মানবতা, আত্মত্যাগ ও জাতীয় চেতনায় শহীদদের অবদান’ প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদা ও গুরুত্বের সঙ্গে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিট ও জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল। শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর পবিত্র ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ, জাতীয় সংগীত পরিবেশন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনাই দোয়া করা হয়। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হয়।

জেমিসন হাসপাতালের চিফ মেডিকেল অফিসার ও ভারপ্রাপ্ত পরিচালক ডা. নাজ সোহানী সুলতানার সভাপতিত্বে এবং হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য রায়হানুল আনোয়ার রাহীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেনরেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় বোর্ড সদস্য ডা. সারওয়ার আলম। বক্তব্য দেন, হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য জাহাঙ্গীর আলম বাবর, নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মর্জিনা আক্তার, হাসপাতালের প্রধান প্রশাসনিক কর্মকর্তা আশরাফ উদ্দৌলা সুজন, রেড ক্রিসেন্টের ইউনিটলেভেল অফিসার জিয়াউল হক জিয়া, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম ইউনিটের যুব প্রধান সিরাজুল করিম হিরু, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জুঁই প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধওবায়দুল কাদের ও সাদ্দাম হোসেনের কল রেকর্ড ট্রাইব্যুনালে
পরবর্তী নিবন্ধবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ মেয়রের