চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেছেন, একটি জাতির মেরুদণ্ড হলো তার শিক্ষা আর সেই শিক্ষার প্রাণভোমরা হলো মেধা। কিন্তু সঠিক পরিচর্যা আর স্বীকৃতি না পেলে অনেক সুপ্ত মেধাই অঙ্কুরে বিনষ্ট হয়ে যায়। আর ঠিক এই জায়গাতেই আলোর মশাল হাতে দাঁড়িয়েছে জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশন।
গতকাল শনিবার নগরের এলজিইডি মিলনায়তনে জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশন আয়োজিত মেধাবৃত্তি পুরস্কার বিতরণ ও শিশু উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক সরোজ আহমেদের সভাপতিত্বে, অসিত নন্দী ও বিলকিছ আকতারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের (সিআরএফ) সভাপতি কাজী আবুল মনসুর, অপর্ণাচরণ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু তালেব মো. বেলাল, সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমীর হক মো. আবুল হোছাইন, জিনিয়াসের ভাইস চেয়ারম্যান বিপ্লব মিত্র, পরীক্ষা নিয়ন্ত্রক উত্তম কুমার আচার্য্য, জিনিয়াসের উপদেষ্টা লায়ন আফসার হোছাইন চৌধুরী, লায়ন অনুপ কুমার রায়, দৈনিক দিনকালের চট্টগ্রাম ব্যুরো চিফ হাসান মুকুল প্রমুখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিনিয়াসের যুগ্ম সচিব সুশান্ত কুমার শীল, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রিদওয়ানুল হক, সমন্বয়ক মীর জুবেদ, রাশেদুল আলম চৌধুরী, মিডিয়া সেক্রেটারি ইমরান বিন ইসলাম, ইন্দ্রজিৎ ভট্টাচার্য্য, দিদারুল ইসলাম, মুহাম্মদ নাছিম উদ্দিন, ইসতিয়াক রহমান খান, সানজিদা শাহরিন, তানজিম আহমেদ ও সাঈদ মো. সাইমুন সাকিব। অনুষ্ঠানে নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩১৫ জন মেধাবী শিক্ষার্থীর হাতে পুরস্কার হিসেবে ল্যাপটপ, নগদ অর্থ, ক্রেস্ট, সনদ, বইসহ বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করা হয়। এবার সর্বোচ্চ নম্বর পেয়ে ‘জিনিয়াস বাংলাদেশ’ নির্বাচিত হয়ে ল্যাপটপ পেয়েছে সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী জয়ন্তী চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।









