জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

| বুধবার , ২৯ এপ্রিল, ২০২৬ at ৮:১৮ পূর্বাহ্ণ

সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবারের ন্যায় এ বছরও উৎসাহউদ্দীপনার মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস। গতকাল দিবসটি উপলক্ষ্যে জেলা জজ আদালত প্রাঙ্গণে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, লিগ্যাল এইড মেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়। খবর বাসসের।

বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিজ্ঞ বিচারকমণ্ডলী, সাংবাদিক, উপকারভোগী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ র‌্যালিতে অংশ নেন। জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি এবং জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর দায়রা জজ মো. হাসানুল ইসলাম। তিনি বলেন, আইনগত সহায়তা কার্যক্রমকে আরো কার্যকর ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে কিছু ক্ষেত্রে আইন সংশোধনের মাধ্যমে প্রিকেস মিডিয়েশন ব্যবস্থা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও তা এখনো চট্টগ্রামে সম্পূর্ণরূপে চালু হয়নি। একইসঙ্গে, অনলাইন কার্যক্রম পরিচালনা এবং সরেজমিনে তদারকির মাধ্যমে বিচারপ্রার্থীরা যাতে দ্রুত ও কার্যকর ফলাফল পায়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ জি এম মনিরুল হাসান সরকার, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহাগ তালুকদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, ডিসি প্রসিকিউশন হাছানুল্লাহ চৌধুরী, আইনজীবী সমিতির সভাপতি আব্দুস সাত্তার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধ৩৫ বছরেও পড়েনি একটি ইট,সড়কে জাল ফেলে ‘প্রতিবাদ’
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মেধাস্বত্ব দিবস পালিত