জঙ্গল সলিমপুর পরিদর্শন করলেন এসপি মাসুদ

‘সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য পুলিশ কাজ করছে’

আজাদী প্রতিবেদন | শনিবার , ৯ মে, ২০২৬ at ১০:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণের একদিনের মাথায় সন্ত্রাসীদের অভয়ারণ্য খ্যাত জঙ্গল সলিমপুর পরিদর্শন করেছেন মো. মাসুদ আলম। গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম জেলা পুলিশের এসপি হিসেবে দায়িত্বভার গ্রহণ করে গতকাল জুমার নামাজের পরে তিনি জঙ্গল সলিমপুর পরিদর্শন করেছেন। জঙ্গল সলিমপুরে স্থাপিত দুটি পুলিশ ফাঁড়ি ও র‌্যাবের একটি ফাঁড়ি পরিদর্শন করেন তিনি।

এ সময় এসপি মাসুদ আলম বলেন, এখানে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য পুলিশ কাজ করছে। সাধারণ মানুষ তাদের মতো করে বসবাস করবে। কেউ সন্ত্রাসী কার্যক্রম বা আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে। পরিদর্শনে তিনি ফাঁড়িতে কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি জঙ্গল সলিমপুর এলাকার কিশোরসহ স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও মতবিনিময় করেন। এই সময় মোবাইল এবং ইন্টারনেট নেটওয়ার্ক ইস্যু নিয়ে তিনি কিশোরীদের সাথে খুনসুটিতে মেতে উঠেন।

এর আগে বৃহস্পতিবার চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে নজরুল ইসলাম খানের স্থলাভিষিক্ত হন ডিএমপির রমনা জোনের ডিসি মাসুদ আলম।

উল্লেখ্য, গত মার্চে জঙ্গল সলিমপুরে বড় আকারের অভিযান পরিচালনা করে প্রশাসন। সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত এই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নতুন করে সন্ত্রাসীরা যাতে আস্তানা গড়তে না পারে, সেই লক্ষ্যে সেখানে দুটি ক্যাম্প স্থাপন করা হয়েছে। একটি র‌্যাবের এবং একটি পুলিশের। বর্তমানে এলাকাটি সার্বক্ষণিক পুলিশ এবং র‌্যাবের টহলের আওতায় রয়েছে।

চট্টগ্রামের নবাগত পুলিশ সুপারের এলাকা পরিদর্শন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাঝে সাহস যোগানোর পাশাপাশি সন্ত্রাসীদের মাঝে আতঙ্ক সৃষ্টি করেছে বলেও সূত্র জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ৭ ইউনিয়ন নিয়ে মাতামুহুরী উপজেলা অনুমোদন, উচ্ছ্বাস
পরবর্তী নিবন্ধনগরায়ণের পথে পেকুয়া