ছয় পুলিশ দুদিনের রিমান্ডে

ব্যবসায়ীকে তুলে নিয়ে টাকা আদায়

আজাদী প্রতিবেদন | বুধবার , ১০ ফেব্রুয়ারি, ২০২১ at ৬:১০ পূর্বাহ্ণ

আনোয়ারায় ব্যবসায়ীকে তুলে নিয়ে ১ লাখ ৮০ হাজার টাকা আদায় করে ছেড়ে দেয়ার ঘটনায় অভিযুক্ত নগর পুলিশের ৬ কনস্টেবলের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শহীদুল্লাহ কায়সারের আদালতে মামলাটির যুক্তিতর্ক শুনানি শেষে আসামিদের এ রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ডে নেয়া ৬ পুলিশ কনস্টেবল হলেন আব্দুল নবী, এসকান্দার হোসেন, মোহাম্মদ মনিরুল ইসলাম, শাকিল খান, মো. মাসুদ ও মোর্শেদ বিল্লাহ। জেলা পুলিশের প্রসিকিউশন বিভাগের পরিদর্শক মো. হুমায়ন কবির আজাদীকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে আদালতে মামলাটির তদন্ত কর্মকর্তা আসামিদের পাঁচদিনের রিমান্ড আবেদন করেছিলেন বলে জানান তিনি।
আদালত সূত্রে জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারি আনোয়ারা উপজেলার পূর্ব বৈরাগ গ্রামের বাসিন্দা ভুক্তভোগী ব্যবসায়ী মো. আব্দুল মান্নান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আনেয়ারা থানায় একটি মামলা (নং-১০(২)২০২১) দায়ের করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৭১/৩৮৫/৩৮৬/ ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
এ ঘটনায় পরে পুলিশ তদন্তে নেমে ঘটনাটির সাথে ৬ পুলিশ কনস্টেবলের সম্পৃক্ততা পায়। পরে সিএমপি কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ওইদিন তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সিএমপি সূত্রে জানা গেছে, ৬ জনের মধ্যে মোর্শেদ বিল্লাহ সিএমপি কমিশনার সালেহ্‌ মোহাম্মদ তানভীরের দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। কনস্টেবল মাসুদ উপকমিশনার মনজুর মোর্শেদের দেহরক্ষী হিসেবে ছিলেন। গ্রেপ্তারের আগে অভিযুক্ত পুলিশ সদস্যরা এসএএফ শাখায় কর্মরত ছিলেন।
মামলার এজাহারে বলা হয়েছে, ৩ ফেব্রুয়ারি রাত ২টার দিকে চারটি মোটর সাইকেলে করে আটজন লোক তাদের বাড়িতে যায়। ডিবি পরিচয়ে তাকে একটি মোটরসাইকেলে তুলে পটিয়া উপজেলার ভেল্লাপাড়া ব্রিজের পূর্বপাশে কৈয়গ্রাম রাস্তার মাথায় একটি চায়ের দোকানে নিয়ে যায়। সেখানে তারা মান্নানকে জানায়, মান্নানের বিরুদ্ধে ডিবিতে অভিযোগ আছে। এর থেকে অব্যাহতি পেতে হলে তাকে ১০ লাখ টাকা দিতে হবে। রাতভর দর কষাকষির পর ভোর ৫টার দিকে আত্মীয়ের মাধ্যমে ১ লাখ ৮০ হাজার ৫০০ টাকা এনে তাদের হাতে তুলে দেন মান্নান। এরপর তারা মান্নানকে সেখানে রেখে চলে যায়।

পূর্ববর্তী নিবন্ধচবির ভর্তি পরীক্ষা মে’র শেষের দিকে
পরবর্তী নিবন্ধআজ থেকে দশটি বুথে করোনার টিকা