কর্ণফুলীতে পাঠা ছাগলের বাজারে এক বেপারির কোমরে পেঁচিয়ে রাখা ১৬ লাখ টাকা খোয়া যাওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার মইজ্জ্যারটেক সিডিএ আবাসিক মাঠের পাঠা ছাগলের বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন পটুয়াখালীর অলি উল্লাহ (২৪), বরিশালের আব্দুর রাজ্জাক (৬৪) ও ভোলার মো. জসিম উদ্দিন (৫৮)। গতকাল শনিবার বিকেলে মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ওসি ইখতিয়ার উদ্দিন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১ আগস্ট সিরাজগঞ্জের মো. মজিবর রহমান আকন্দ (৬৯) সহ সাতজন ব্যবসায়ী ৮২টি ছাগল নিয়ে কর্ণফুলীর মইজ্জ্যারটেক পাঠা ছাগলের বাজারে আসেন। এর মধ্যে ৫৭টি ছাগল বিক্রি করে পাওয়া ১৬ লাখ টাকা মজিবর রহমানের কোমরে পেঁচিয়ে রাখেন। গত ১৩ আগস্ট রাত ১০টার দিকে বাজারেই ঘুমিয়ে পড়েন তিনি। পরে ঘুম থেকে উঠে দেখতে পান, কোমরে পেঁচানো ১৬ লাখ টাকা নেই। আশপাশের এলাকা ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও টাকার সন্ধান পাননি তিনি।
এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার সময় গ্রেপ্তার তিনজনকে বাজারের আশপাশে ঘোরাফেরা করতে দেখা গেছে। পরে ১৪ আগস্ট রাতে একই বাজারে স্থানীয়রা তিনজনকে আটক করেছে–এমন খবর পেয়ে বাদী সেখানে যান। এ সময় তিনি আটক ব্যক্তিদের ১৬ লাখ টাকা খোয়া যাওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগ করেন। পরে মামলার ভিত্তিতে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
মামলার তদন্ত কর্মকর্তা কর্ণফুলী থানার এসআই নূরে আলম ছিদ্দিকী বলেন, বাদীর মামলার ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেনি। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করা হবে।
কর্ণফুলী থানার ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, ১৬ লাখ টাকা খোয়া যাওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।












