চুয়েটে অচলাবস্থা, দ্বাদশ দিনেও ক্যাম্পাস উত্তাল

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ৪ অক্টোবর, ২০২৬ at ১০:১৫ পূর্বাহ্ণ

শ্রেণিকক্ষ বা গবেষণাগারে মুখর থাকার কথা যে ক্যাম্পাসের, সেই চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এখন আন্দোলনে উত্তাল এবং স্লোগানে মুখর। অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমের পুনর্বহালকে কেন্দ্র করে চলা শিক্ষার্থীদের এই আন্দোলন ইতোমধ্যে দ্বাদশ দিনে গড়িয়েছে। তবে সাম্প্রতিক সময়ে নবনিযুক্ত উপাচার্যের একটি বক্তব্যকে কেন্দ্র করে এই সংকট নতুন মোড় নিয়েছে।

গত শুক্রবার গণমাধ্যমে দেওয়া নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের একটি সাক্ষাৎকার নতুন করে আগুনে ঘি ঢেলেছে। ওই সাক্ষাৎকারে বলা হয়, আন্দোলনের কারণে ২০২৩–২৪ শিক্ষাবর্ষের চারটি পরীক্ষা আটকে রয়েছে। তবে এই দাবিকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ বলে প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা।

তাদের ভাষ্য, ক্যাম্পাসের বর্তমান বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। উল্লিখিত শিক্ষাবর্ষের প্রায় সব বিভাগের পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে। বাকি রয়েছে মাত্র একটি বিভাগের পরীক্ষা। এই বক্তব্যকে অপপ্রচারমূলক আখ্যা দিয়ে গতকাল শনিবার দুপুর আড়াইটায় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে স্বাধীনতা চত্বর প্রদক্ষিণ করে মিছিলটি শহীদ মিনারে এসে শেষ হয়। মিছিলে ‘চুয়েট সচলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ’, ‘চুয়েট রিভোল্টস ফর সায়েম স্যার’ এবং ‘পিএম, কনসিডার আওয়ার অ্যাপিল’–এমন নানা স্লোগানে মুখর ছিল পুরো ক্যাম্পাস।

২২ সেপ্টেম্বর থেকে চুয়েটে চলছে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি। লাল কার্ড প্রদর্শন, মশাল মিছিল এবং দফায় দফায় বিক্ষোভের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের দাবি জানিয়ে আসছেন। আন্দোলনের ফলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক একাডেমিক পরিবেশ থমকে গেছে। বর্তমানে ছয়টি বিভাগের বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষা স্থগিত রয়েছে, যার ফলে অনিশ্চয়তার মুখে পড়েছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ। ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার হিশাম আক্ষেপ করে বলেন, আমরা ক্লাসে ফিরতে চাই। কিন্তু প্রশাসনের নীরবতা আমাদের আরও বেশি ক্ষুব্ধ করছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের দূরত্বের অবসান ঘটাতে এবার সরাসরি রাষ্ট্রের সর্বোচ্চ নীতিনির্ধারণী মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন চুয়েটের শিক্ষার্থীরা। গতকালের মিছিলে তাদের হাতে থাকা ব্যানার ও প্ল্যাকার্ডে স্পষ্ট হয়ে ওঠে সেই আকুতি। শিক্ষার্থীরা বিশ্বাস করেন, অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহাল এবং বর্তমান অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপই পারে চুয়েটে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে।

পূর্ববর্তী নিবন্ধহঠাৎ সম্পর্ক ভেঙেছেন ইলন মাস্ক, জানালেন দীর্ঘদিনের সঙ্গী
পরবর্তী নিবন্ধগুগলের হাত ধরে মহাকাশে প্রথমবার গেল এআই