চান্দগাঁওয়ে ব্যবসায়ী তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন এরেস্ট

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৬ আগস্ট, ২০২৬ at ৫:৩৩ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁওয়ের অদুরপাড়া এলাকায় শটগান দিয়ে গুলি করে ইটবালুর ব্যবসায়ী আফতাব উদ্দিন তাহসিন খুনের মামলায় আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার দেখানোর (শোন এরেস্ট) আদেশ দিয়েছে আদালত। গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিদা সাত্তার এ আদেশ দেন।

এর আগে পুলিশের পক্ষ থেকে ডেভিড ইমনকে তাহসিন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ চেয়ে আদালতে একটি আবেদন করা হয়। এতে বলা হয়, তাহসিন হত্যায় ডেভিড ইমনের প্রত্যক্ষ সম্পৃক্ততার সাক্ষ্যপ্রমাণ পেয়েছেন তদন্ত কর্মকর্তা। নগর পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) হাসান ইকবাল আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন।

২০২৪ সালের ২১ অক্টোবর ইটবালুর ব্যবসায়ী আফতাব উদ্দিন তাহসিন চান্দগাঁও থানাধীন অদুরপাড়া এলাকার একটি দোকানে বসে ছিলেন। হঠাৎ সেখানে কালো রংয়ের একটি মাইক্রোবাসে করে এসে কয়েকজন যুবক শটগান দিয়ে গুলি করে তাহসিনকে গুরুতর আঘাত করেন। পরে তার মৃত্যু হয়। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে সন্ত্রাসী সাজ্জাদ ও তার সহযোগী মো. হাসান, মোহাম্মদ, খোরশেদ ওরফে খালাত ভাই খোরশেদ এবং মো. হেলালের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

নামপরিচয় লুকিয়ে ‘মিরাজ’ সেজে ভারতে পালিয়ে যাওয়ার সময় গত ২৯ জুলাই যশোরের সীমান্ত এলাকা থেকে ৩ সহযোগীসহ গ্রেপ্তার হয় ইমন। পরে তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ফটিকছড়ির কাঞ্চননগর এলাকা থেকে ৩টি অস্ত্র উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ফটিকছড়ি থানায় ৫ জনের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়। তারা হলেন মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমন, মো. শামীম, মো. শাফায়েত হোসেন, আল ইসলাম আলিফ প্রকাশ তমাল ও মোট মিঠু প্রকাশ ধামা ইলিয়াস। ধামা ইলিয়াস আগে থেকে কারাগারে ছিলেন। তার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই মূলত সহযোগীসহ চট্টগ্রামজুড়ে ত্রাসের রাজত্ব কায়েমকারী ইমনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধগ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বদিসহ চারজনকে
পরবর্তী নিবন্ধপ্রতারণা মামলায় বিদিশা গ্রেপ্তার