চাকসু’র উদ্যোগে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের সার্বিক সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। শুধুমাত্র ছাত্রীদের জন্য আয়োজিত সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বিভাগের ১১ জন মহিলা বিশেষজ্ঞ চিকিৎসক বিশ্ববিদ্যালয়ের ১,৩৬৫ জন নিবন্ধিত ছাত্রীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্যপরামর্শ প্রদান করেন এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় ওষুধ প্রদান করে। চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল–ফোরকান। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ডা. এ কে এম ফজলুল হক। বিশেষ অতিথি ছিলেন উপ–উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল–আমীন ও উপ–উপাচার্য অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের বোর্ড অব ডিরেক্টরসের সদস্য আমেনা শাহীন। বক্তারা তাঁদের বক্তব্যে উল্লেখ করেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে অবস্থিত। বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ছাত্রী চট্টগ্রামের বাইরের জেলা থেকে আগত এবং অনেকেই নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের সদস্য। ফলে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য শহরে যাতায়াত করা তাদের জন্য সময়সাপেক্ষ ও ব্যয়বহুল হয়ে পড়ে। সেই বাস্তবতা বিবেচনায় শুধুমাত্র ছাত্রীদের জন্য এবং মহিলা বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন ছিল অত্যন্ত মানবিক, সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। মানুষের পাশে, মানবতার সেবায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড শিক্ষার্থীদের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে –এমন প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা। প্রেস বিজ্ঞপ্তি।












